সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যায় ২ মামলার তদন্ত প্রতিবেদন আবারও পিছিয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ এ নির্দেশ দেন। এদিন হত্যা ও অস্ত্র আইনের ২ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন এ তারিখ ধার্য করেন।

মামলা দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছে ডিবির পরিদর্শক নুরুল আফসার।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন। মামলায় রাশিদুল নবী ও শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে ২ জন আসামি বর্তমানে কারাগারে আছেন।