পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুই লক্ষ ২০ হাজার টাকার জাল নোটসহ চিত্ত রঞ্জন (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের চিত্তরঞ্জন ছাপাখানা (প্রেস) থেকে তাকে আটক করে র‌্যাব-১৩ এর একটি দল।

এ সময় র‌্যাব তার কাছ থেকে ব্যবহৃত ১টি ডিজিটাল প্রিন্টার, ১টি কম্পিউটার এবং ১টি মোটরসাইকেল (এ্যাপাচি) জব্দ করে।

আটককৃত চিত্তরঞ্জন উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের প্রেমবাজার এলাকার বিশ্বনাথের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের চিত্তরঞ্জন ছাপাখানার মালিক চিত্ত রঞ্জনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮৮টি এক হাজার টাকার নোট ৬৪টি পাঁচশত টাকার নোটসহ মোট ২ লক্ষ ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক (এএসপি) মাহমুদুল হাসান জানান, চিত্তরঞ্জন দীর্ঘদিন থেকে জাল নোট তৈরি ও ব্যবসা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছি। র‌্যাব বাদি হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে এবং জব্দকৃত মালামালসহ তাকে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

এমআইএস