নারায়ণগঞ্জের বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলাটি ফের পিছিয়েছে।
বৃহস্পতিবার নির্ধারিত শুনানিতে তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেয়ায় আদালত আগামী ১১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন তদন্ত করে প্রতিবেদন দিতে বন্দর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।
এর আগে ১৪ জুলাই বন্দর থানার পরিদর্শককে (তদন্ত) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থী রিফাতকে মারধর ও শিক্ষককে এমপিওভূক্ত করে দেয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে পৃথক তিনজন বাদী গত ১৪ জুলাই নারায়ণগঞ্জ আদালতে তিনটি মামলার আবেদন করেন।
আদালত ওই দিন বিকালে শুনানি শেষে প্রথম দুটি মামলা খারিজ করে দেন। তবে, পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমকে প্রলোভন দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগের বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী হারুন উর রশিদ পাটোয়ারী বলেন, মোর্শেদা বেগমকে এমপিওভূক্ত করে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্ত দুই দফায় তার কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। কিন্তু তাকে এমপিওভূক্ত করতে তিনি কোনোরূপ সহায়তা করেননি।
ওই মামলায় বৃহস্পতিবার শুনানির সময়েও তদন্ত প্রতিবেদন আদালতে জমা না হওয়ায় আগামী ১১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এমবি





