শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২১০ ভরি স্বর্নের ২১টি বারসহ দুই বন্ধুকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলেন, আবু ইউসুফ আলী (৩১) এবং মাসুদ মিয়া (৩৮)। তারা দুজনই কুমিল্লার বানিয়চং এর বাসিন্দা।

শুক্রবার রাত ২টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন এপিবিএনের সহকারি পুলিশ কমিশনার (এএসপি) তানজিনা আক্তার।

তিনি বলেন, তাদেরকে সন্দেহ হলে সার্চ করা হয় পরে তাদের হাতে থাকা ব্যাগ থেকে এই ২১০ ভরি ২১ স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ১'শ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯৫ লক্ষ টাকা।

তানজিনা আক্তার বলেন, তাদেরকে ক্যানোপি নম্বর ২ এর বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনই এয়ার এশিয়া একে-৭১ দুবাই এর যাত্রি ছিলো।

তিনি আরো বলেন, ২১টি বারের প্রত্যেকটির ওজন ১'শ গ্রাম করে। ইউসুফের কাছ থেকে ৯টি এবং মাসুদের কাছ থেকে ১২ টি বার উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ১৯৭৪ এর আইন অনুযায়ী এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এমআর