ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান ফটকের সামনে অস্ত্র নিয়ে সর্তক অবস্থানে রয়েছেন কারারক্ষীরা।
আজ (সোমবার) সকাল থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের এ কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়। কারা ফটকের সামনে সাধারণ মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস জানান, কারাফটকের নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।
কেন্দ্রীয় কারাগারের ফটকের কারারক্ষীদের একজন ইনচার্জ বলেন, ভেতরের নির্দেশে বাইরের নিরাপত্তা জোরদার রেখা হয়েছে। এদিকে সকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারের ভেতরে পরিদর্শন করেছেন।
কারাসূত্র জানায়, সব প্রক্রিয়া সম্পন্ন হলে এ কারাগারেই ফাঁসি কার্যকর করা হবে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির (সাবেক) শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর।
গতকাল (রোববার) রাত ১২টার দিকে নিজামীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে এখানে এনে কনডেম সেলে রাখা হয়েছ।
গত ০৫ মে (বৃহস্পতিবার) নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সর্বোচ্চ আদালতের সর্বশেষ এ রায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দন্ডপ্রাপ্ত জামায়াতের আমির (সাবেক) শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার আইনি লড়াই।
তাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকরের বিষয়টিও চূড়ান্ত ধাপে রয়েছে বলে জানাগেছে। সর্বশেষ ধাপে এখন কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তিনি।
প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।
আইন অনুসারে তখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ। যার ফলশ্রুতিতে ইতোমধ্যে কারাগারের আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কারা কর্তৃপক্ষ।
এসএম





