রাজধানীর মোহাম্মদপুর হতে বিপুল পরিমাণ জাল পরিচয়পত্র ও সাটিফিকেট এবং জাল সাটিফিকেট তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে  র‌্যাব-২। এঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মোহাম্মাদপুর থানাধীন পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রনি মিয়া(২১) বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটায়এবং মো. সুমন(২৪) কুমিল্লার লাকসামে।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ হাসানটাইমনিউজবিডি'কেবলেন, প্রতারণা ও জালিয়াতি দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব-২ এর গোয়েন্দা দল অনুসন্ধানে জানতে পারে যে, রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ জাল জাতীয় পরিচয়পত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণীর জাল সনদপত্র তৈরী করে তা বাজারজাত করছে।

এঘটনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-২ এর একটি বিশেষ দল রাজধানীর মোহাম্মাপুর থানাধীন পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে। সামিট এন্টার প্রাইজ, ২৯ পশ্চিম ধানমন্ডি, মোহাম্মাদপুর এবং মোবাইল কেয়ার, ৮৩ পশ্চিম ধানমন্ডি, মোহাম্মাদপুর হতে বিপুল পরিমাণ জাল জাতীয় পরিচয়পত্র ও জাল সনদপত্রসহ প্রস্তুতকারী রনি মিয়া (২১) ও সুমন(২৪) কে গ্রেফতার করে।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ হাসান আরও জানান, সম্প্রতি রাজধানীতে এক ধরণের অসাধু প্রতারকচক্র দীর্ঘদিন যাবৎ কম্পিউটারের সাহায্যে জাল জাতীয় পরিচয়পত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণীর জাল সনদপত্র তৈরী করে বাজারজাত করে আসছে।

উক্ত পরিচয়পত্র বিভিন্ন প্রতারক প্রকৃতির লোক ক্রয় করে তা দিয়ে প্রতারণার জন্য মোবাইল সীম, ব্যাংক হিসাব খোলা, পার্সপোর্ট তৈরী, ড্রাইভিং লাইসেন্স তৈরী এবং সনদপত্র ব্যাবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী গ্রহণ ইত্যাদি কাজে ব্যবহার করে আসছে।

তারা জাল জাতীয় পরিচয় দিয়ে মোবাইল সীম ক্রয় করে তা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে ব্যাবহার করে, ব্যাংক হিসাব খুলে প্রতারণার মাধ্যমে উক্ত হিসাবে টাকা গ্রহণ করে, বিদেশে যাওয়ার জন্য অন-অনুমোদিত ব্যক্তির নাম, ঠিকানা ও বয়স পরিবর্তন করে তা দিয়ে পাসপোর্ট তৈরী করে বিদেশে যাচ্ছে।

অনেকে জন্ম তারিখ পরিবর্তন করে বয়স বাড়িয়ে/কমিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরী করে এবং জাল সনদপত্র ব্যবহার বিভিন্ন বেসরকারী কোম্পানী, ইন্সুরেন্স, ব্যাংক, বীমা ও করপোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে গণমাধ্যমেও কাজ করছে।

এমনকি, অনেকে জাল ডাক্তারী পাসের সনদপত্র তৈরী ভূয়া ডাক্তার সেজে বিভিন্ন হাসপাতালে নিয়মিত রোগীদের চিকিৎসা প্রদান করছে। এই জালিয়াত চক্রকে ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকা, জেইউ, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর