পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন দিতে হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে উৎকোচ দাবি করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক এএসআই সালামকে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট।

বুধবার (৩১ আগস্ট) বিচারপতি কাজী রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চে ওই এএসআইকে হাজির করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার পরে ওই এএসআইকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনার বিবরণে জানা যায়, হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের দুই মেয়ের পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনে ওই এএসআই তার বাসায় যান। তখন এ প্রতিবেদন দিতে বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা উৎকোচ দাবি করেন তিনি।

বিষয়টি আদালতের নজরে আসলে ওই এএসআইকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী বুধবার তিনি হাইকোর্টে উপস্থিত হন। পরে আদালত তাকে পুলিশে সোপর্দ করার নির্দেশ দেন।

এমএনজে