মেজর জেনারেল এমএ মঞ্জুর হত্যা মামলায় ফের তদন্তের আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মাহমুদ ফিরোজের আদালতে এ আবেদন করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদসহ মামলার তিন আসামি আদালতে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে শুনানি শেষ করেছেন রাষ্ট্রপক্ষ। যে কোনো সময় আদালত নতুন ভাবে তদন্ততের আদেশ দেবেন।
গত ১০ ফেব্রুয়ারি মঞ্জুর হত্যা মামলায় ফের যুক্তি উপস্থাপনে আজ দিন ধার্য করেছিলেন বিচারক খন্দকার হাসান মাহমুদ। ওই দিন রায় ঘোষণার জন্য ধার্য ছিল। তবে বিচারক পরিবর্তন হওয়ায় ফের যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন আদালত।
গত ১০ ফেব্রুয়ারি একই সঙ্গে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে এই মামলার দুই আসামি মেজর জেনারেল আবদুল লতিফ ও লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শামসেরের বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশের সর্বশেষ অবস্থা কী, তা জানতে চেয়েছেন।
মঞ্জুরকে হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি তার ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগ দাখিল করেন সিআইডি।
পতিবেদনে বলা হয়, ১৯৮১ সালে তত্কালীন সেনাপ্রধান এইচএম এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা মেজর জেনারেল এমএ মঞ্জুরকে হত্যা করা হয়।
[b]ঢাকা, জিই ফেব্রুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম)[/b]