ডেবিট কার্ড জালিয়াতি মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ (এসভিপি) ৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান এ তলবি নোটিশ পাঠান।
আগামী ২২ অক্টোবর নোটিশ প্রাপ্তদেরকে সকাল ১০ টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। নোটিশ প্রাপ্তরা হলেন- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের আইসিসিডি শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এস এম অলিউল হাসান, একই শাখার সিনিয়র অফিসার (এসও) এস তানজীম হামিদ, ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এ এইচ এম মঞ্জুর কাদের খাঁন, মোহাম্মদপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) জোয়ারদার ইলিয়াস রহমান, একই শাখার এসও শামীম আরা তানিয়া ও প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসার (ইও) গৌরাঙ্গ চন্দ্র সরকার।
এদিকে দুদকের দায়ের করা গতবছর ২ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর (ডিএমপি) থানায় মামলা নং-৪ উল্লেখ রয়েছে জালিয়াতির মাধ্যমে ১৬ লাখ ৭ হাজার টাকা আত্মসাত করা হয়। আর ওই মামলার প্রধান আসামি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মো. সুমন খান। তিনি (আসামি) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মোহাম্মদপুর শাখার ৫জন গ্রাহকের হিসাব থেকে ডেবিট কার্ড জালিয়াতির মাধ্যমে ১৬ লাখ সাত হাজার টাকা আত্মসাৎ করেন। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা হলেন; চান কুমার, মো. শেখ ইদ্রিস, ফারুক হোসেন, ইসমাইল হোসেন ও পারুল ঘোষ।
একে





