ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রী হোসনে আরা বেগম (৩০) হত্যা মামলায় দশ বছর পর স্বামী সাইদুল ইসলামকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মনোমালিন্যের জের ধরে স্বামী সাইদুল ইসলাম উপজেলার গাঙ্গিনারপাড় গ্রামে নিজ বাড়িতে ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর স্ত্রী হোসনে আরা বেগমকে বিষপানে হত্যা করে।

ঘটনার পরদিন নিহত হোসনে বেগমের মা জুলেখা খাতুন এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই বছরের ২৭ ডিসেম্বর স্বামী সাইদুল ইসলামকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

ওই মামলায় প্রায় দশ বছর পর আজ রোববার দুপুরে আদালত এ রায় প্রদান করেন।

এমআইএস