ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। সেই সঙ্গে আরো একজন কারারক্ষীকেও বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে তাদের বরখাস্ত করেন কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরের পর শিফট বদলের সময় কারারক্ষীদের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়। কিন্তু একদল কারারক্ষী নির্দিষ্ট স্থানে না গিয়ে আরেক স্থানে দায়িত্ব পালন করতে যায়। এতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে তাদের সেখান থেকে সরিয়ে ক্লোসড করা হয়।
তিনি আরও বলেন, এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রধান কারারক্ষী নজরুল ইসলামসহ আরো এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
কেএইচ





