মাত্র দুই মাস আগেই 'দেওয়ান বাড়ি'তে বাসা বাড়া নেন তামিমসহ অন্যান্য জঙ্গিরা। ঈদের পরে বাসায় ওঠে তারা। জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে শেষে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
তিনি বলেন, আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে ঈদের পরে তারা বাসায় ওঠেছে।
বাসার মালিক ভাড়াটিয়া সংক্রান্ত তথ্য রেখেছিলো কিনা তা জানাতে পারেননি আইজিপি। প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন বলেন, আমরা ধারণা করছি জুলাই মাসের ৫ তারিখে জঙ্গিরা বাসায় ওঠে। তবে বাড়িওয়ালার নিকট থেকে পাওয়া তথ্যমতে দুই মাস আগে তারা ভাড়া নেয়।
শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি তিনতলা বাড়ির জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে তামিম চোধুরীসহ তিনজন নিহত হয়। বাড়িটির নাম 'দেওয়ান বাড়ি'।
পুলিশের স্পেশাল সোয়াট টিম, পুলিশের সিটি ইউনিট অভিযানে অংশ নেয়। প্রায় এক ঘন্টার অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন। সকাল সাড়ে নয়টায় মূল অভিযান চালানো হয়।
ওখান থেকে একটি একে-২২, একটি পিস্তল, ও ২-৩ টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এসএ





