জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলায় আরও ১জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন সাক্ষী কামরুল হাসান। এ নিয়ে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আগামী ১২ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
গত ২ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সোহেল রানাসহ ২ জন সাক্ষ্য প্রদান করেন।
গত ২৩ ফেব্রুয়ারি মামলার কাঠগড়া থেকে চার আসামি খন্দকার আশিকুল ইসলাম আশিক, খান মো. রইছ, ইসতিয়াক মেহবুব অরূপ ও মাহবুব আকরাম পালিয়ে যান। তাদের ছাড়াই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।
গত বছরের ৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
অভিযুক্তরা হলেন- খন্দকার আশিকুল ইসলাম আশিক, মো. রাশেদুল ইসলাম রাজু, খান মো. রইছ, জাহিদ হাসান, ইসতিয়াক মেহবুব অরূপ, মাহবুব আকরাম, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি ও মো. মাহমুদুল হাসান মাসুদ।
আসামিদের মধ্যে মাহবুব আকরাম ও নাজমুস সাকিব তপু ২০১২ সালের ১৫ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওইদিন রাতেই রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান জুবায়ের।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
অপরাধ
জুবায়ের হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্যগ্রহণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলায় আরও ১জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।





