রাজধানীর পল্লবীতে ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয় ক্যাডাররা। এসময় ভাঙচুর করা হয়েছে পুলিশের টহল কাজে ব্যহৃত মাইক্রোবাস।
মারধর করা হয়েছে দায়িত্বরত পুলিশের এক এসআই ও এএসআইকে। মাদকসহ পুলিশের হাতে লাট মিয়া নামে ওই ব্যক্তি স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার গাড়ি চালক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পল্লবী থানার এসআই জিল্লুর ও এএসআই রবিউল আজ বিকেলে টহল ডিউটিরত অবস্থায় মোল্লা বস্তির কাছে কয়েক পিস ইয়াবাসহ লাট মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে।
এসময় লাট মিয়া নিজেকে সংসদ সদস্য ইলিয়াস মোল্লার গাড়ি চালক বলে পরিচয় দেন। পরে পুলিশ তাকে গাড়িতে তুলে থানায় রওনা হয়।
এদিকে লাট মিয়াকে আটকের খবর পেয়ে স্থানীয় আলী মোল্লা, সোহেল ও আলমের নেতৃত্বে একদল ক্যাডার থানার সামনে ছুটে যায়। এসময় এসআই জিল্লুর ও এএসআই রবিউলকে থানার সামনে পেয়ে তারা লাঞ্ছিত করে।
তারা এসময় পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসটিতে ভাঙচুর করে এবং আটক লাট মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় এসআই জিল্লুর ও এএসআই রবিউল আহত হন। এসময় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে ক্যাডাররা দুর্ব্যবহার করে।
এদিকে ঘটনাটিকে তুচ্ছ ঘটনা বলে ধামাচাপা দেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এ ব্যাপারে পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
এসএইচ





