রাজধানীর ভাটারা থানার দুই এএসআই সহ চার জনকে আটক করেছে র‌্যাব-১। আটকরা থানা হেফাজতে রয়েছেন।

শনিবার (১ নভেম্বর) ভোরে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহরণের অভিযোগে তাদের আটক করে র‌্যাব।

আটকরা হলেন এএসআই মীর সিরাজুল ইসলাম, এএসআই কাউসার, কনস্টেবল রহমান ও গাড়ি চালক আসাদুজ্জাসান।

ভাটারা থানার অফিসার ইন চার্জ (ওসি) সরোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা শাহজাহান সামসু নামের এক ব্যক্তিকে অপহরণ করে তার মামা আবুল হোসেনের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

মামা আবুল হোসেন খিলক্ষেত থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি র‌্যাবের শরণাপন্ন হলে র‌্যাব-১ এর সদস্যরা ওই দুই পুলিশ কর্মকর্তাসহ চার জনকে কুড়িল বিশ্বরোড থেকে আটক করে।

তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ভাটারা থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

কেএইচ/জেআই