রূপগঞ্জ থানা ও ভুলতা ফাঁড়ি পুলিশকে ম্যানেজ করে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের পাশে উচ্ছেদকৃত স্থানে আবারো দোকান নির্মাণ করছে স্থানীয় ব্যবসায়ীরা।

জানা গেছে, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে গত ৭ জুন রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাইল এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট ভেঙে দেয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। উচ্ছেদ চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা জানান, প্রতিটি দোকান মালিক ২০ থেকে ৫০ হাজার টাকা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রবিউল ইসলামকে ৬ লাখ টাকা প্রদান করেন। এর আগে আরো ৪ লাখ টাকা প্রদান করা হয়।

যে সব ব্যবসায়ীরা পুলিশের দাবিকৃত টাকা পরিশোধ করেনি তাদেরকে গত কয়েকদিন ধরে এসআই রবিউল ইসলাম চাপ সৃষ্টি করছেন। দোকান মালিক ও কর্মচারীদের গ্রেফতারের হুমকি দেয়া হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।

নামপ্রকাশ না করার শর্তে একাধিক দোকান মালিক জানান, চাহিদা মতো টাকা না দেয়ায় রাতের আঁধারে ৬টি দোকানের কাঠ-বাঁশ ও সার্টার ভেঙে দিয়েছে পুলিশ। অনেকেই সুদের ওপর ঋণ নিয়ে পুলিশকে টাকা পরিশোধ করতে বাধ্য হচ্ছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম জানান, আমি এখানে নতুন এসেছি। আগে এ পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করেছেন এসআই তারিফুজ্জামান। সড়ক ও জনপথ বিভাগের জমিতে দোকানপাট নির্মাণের নামে তিনি ৬ লাখ টাকা নিয়েছেন বলে শুনেছি।

রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর বলেন, স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট নির্মাণ করছেন সড়ক ও জনপথের জায়গায়। এসব বিষয়ে পুলিশের কোনো মাথা ব্যথা নেই। টাকা গ্রহণের প্রশ্নই আসে না।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই