দেশের কেন্দ্রীয় ও জেলা কারাগারে পাঁচ ও দশ বছর যাবৎ বিনাবিচারে আটক ব্যক্তিদের তালিকা চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি পাঠায়।

একইদিনে ইসলামিক ফাউন্ডেশনকে পাঠানো অপর এক চিঠিতে দেশের মসজিদসমূহের খতিব এবং ইমামকে জুম্মার নামাজের পর উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের সরকারি আইনি সেবা সম্পর্কে অবগত করারও অনুরোধ জানানো হয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে।

বিষয়টি জানিয়েছেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সমন্বয়ক রিপন পৌল স্কু।

সম্প্রতি মো. শিপন নামে এক আসামির বিনা বিচারে ১৭ বছর আটক থাকার খবর গণমাধ্যমে জানাজানি হয়। ৮ নভেম্বর তিনি হাইকোর্টের নির্দেশে জামিন পান এবং ১৫ নভেম্বর তার মুক্তি হয়।

১৯৯৪ সালে পুরান ঢাকার সুত্রাপুরে দুই মহল্লার মধ্যে মারামারিতে মাহতাব নামে এক ব্যক্তি খুন হন। এ খুনের ঘটনায় মো. জাবেদ বাদী হয়ে সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুই নম্বর আসামি করা হয় মো.শিপনকে। এজাহারে তার পিতার নাম ছিলো অজ্ঞাত। পরে ১৯৯৫ সালে দেয়া অভিযোগপত্রে বাবার নাম উল্লেখ করা হয় মো.রফিক। ঠিকানা উল্লেখ করা হয় ৫৯, গোয়ালঘটা লেন, সূত্রাপুর।

জারিফ