রাজধানীর পুরান ঢাকার হোটেল শাহকামালে ইলেকট্রিশিয়ান রুবেলকে হত্যা করে লাশ গুম ও কাটা মাথা নিয়ে চাঁদাদাবি সংক্রান্ত মামলায় অভিযুক্ত তিনজনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- রুবেল (২৫), রুমান (২৪) ও রনি বিশ্বাস (২৪)। তারা সবাই আটক রয়েছেন।

গত ২৫ নভেম্বর যুক্তিতর্ক গ্রহণ শেষে রায় ঘোষণার জন্য ২৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন বিচারক। ১৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে মর্মেও জানান তিনি।

আসামি রুবেলের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল মন্নাফ। রুমানের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কোদালিয়া উত্তরপাড়ায়। তার বাবার নাম ওসমান গণি। আর রনির বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউড়ীতে। তার বাবার নাম কবির বিশ্বাস।

মামলার নথী থেকে জানা যায়, ২০১০ সালের ৬ জুন দিবাগত রাতে পুরান ঢাকার হোটেল শাহকামালের নীচতলায় রুবেলকে খুন করা হয়। এরপর তার মাথা নিয়ে আসামি রোমান হোটেল মীমে গিয়ে ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদাদাবি করে। নতুবা হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়।

টাকা দেওয়ার কথা বলে রোমানকে বসিয়ে পুলিশে খবর দেন ম্যানেজার। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এরপর ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই আসামিকেও গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হোটেল শাহকামালের নীচতলার পাশে একটি স্থান থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড়ভাই মরণ মিয়া সুত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার দায় স্বীকার করে আসামিরা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন।

সুত্রাপুর থানার উপপরিদর্শক এসআই আশিকুর রহমান ২০১০ সালের ২৯ ডিসেম্বর তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১১ সালের ২১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শওকত আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও মোরশেদা বেগম লাকী।

জেএ