সাভারের আশুলিয়ায় এক কেজি কোকেনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে আশুলিয়ার গনকবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিইপিজেডের গনকবাড়ী এলাকার হাসেম প্লাজার পেছনে মাদকসম্রাট সিরাজুল ইসলামের (৪০) আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় এক কেজি ওজনের কোকেনসহ সিরাজুল ও তার এক সহচরকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটককৃত কোকেন বিদেশ থেকে আমদানি করে শিল্পাঞ্চলের মাদকসেবীদের কাছে নিয়মিত বিক্রয় করছিল সিরাজুল ও তার সহযোগীরা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে আশুলিয়া থানা-পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল জানান, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আটককৃত কোকেন সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
এসএইচ





