হাইকোর্টের নির্দেশ আপিল বিভাগ স্থগিত করার কারনে টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে গ্রেফতারে এখন কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ বুধবার (১০ ডিসেম্বর) এ আদেশ দেন।
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আমানুর রহমান খান রানাকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হতে পারে-সংবাদমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশের পর এমপি রানা রিট আবেদন করেন। রিটের প্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রানাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেন। এ আবেদন স্থগিতে আপিলে যায় রাষ্ট্রপক্ষ।
গত বছরের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
ইআর





