বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে আইনজীবীদের সর্বদলীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার মঈনুল হোসেন ও ড. শাহদিন মালিককে।

আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধান সংশোধন উদ্যোগ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় এ কমিটির ঘোষণা দেয়ার পাশাপাশি সংবিধান সংশোধন রোধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আইনজীবীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, অভিশংসন ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হবে। বিচার বিভাগের এতো দিনের অর্জন ধুলিসাৎ হয়ে যাবে।

সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, সংবিধান সংশোধন উদ্যোগ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

তারা বলছে, ‘৭২ সালের সংবিধান অনুযায়ি অভিশংসন সংক্রান্ত ধারা ফিরিয়ে আনবে। আসলে ওই ধারাটি সেভাবে ফিরছে না। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, সংবিধান সংশোধন হলেও যদি দুই তৃতীয়াংশ সদস্য কোন দলের না থাকে তখন কি বিচারপতিরা অপরাধ করেও পার পেয়ে যাবেন।

এডভোকেট মাহবুব উদ্দিন খোকন বলেন, এতোদিনে বিচার বিভাগের যে অর্জন হয়েছে অভিশংসন ক্ষমতা সংসদ পেলে এই অর্জন ধুলিসাৎ হয়ে যাবে।

এডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার মঈনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেনসহ সিনিয়র আইনজীবীরা অংশ নেন।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ