৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের ১৮তম এবং জব্দ তালিকার তৃতীয় সাক্ষী বাংলা একাডেমির গ্রন্থাগারিক এজাব উদ্দিন মিয়া।
আগামী ১৫ জুন প্রসিকিউশনের ১৯তম সাক্ষী তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্য গ্রহণে সহযোগিতা করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম এবং তাপস কান্তি বল। সাক্ষ্যগ্রহণ শেষে এ সাক্ষীকে জেরা করেন আজহারের আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
গত বছরের ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।
আজহারের বিরুদ্ধে-গণহত্যা,হত্যা,লুণ্ঠন,ধর্ষণ,নির্যাতন,আটক,অপহরণ,গুরুতর জখম ও অগ্নিসংযোগের ৬টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া সুপিরিয়র রেসপনসিবিলিটিতেও  (উর্ধ্বতন নেতৃত্বের দায়) অভিযুক্ত হয়েছেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ২২ আগস্ট আজহারের ঢাকার মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয় এটিএম আজহারুল ইসলামকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
[b]ঢাকা,কেএ ৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]