দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন (চুপ্পু) বলেন, ইতোমধ্যে যেসব মন্ত্রী-এমপিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে,তাদের অনেকের সম্পদের হিসাবে অসঙ্গতি পাওয়া গেছে।
মন্ত্রী-এমপিদের জিজ্ঞাসাবাদের ব্যাপারে কমিশনের প্রতিক্রিয়া জানতে চাইলে বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মো. সাহাবুদ্দিন বলেন,জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রাপ্তদের অধিকাংশরাই কমিশনে উপস্থিত হয়েছেন। আমাদের অনুসন্ধানকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদে অনেকেরই সম্পদের হিসাবে অসঙ্গতি পাওয়া গেছে। তবে অনুসন্ধানের স্বার্থে এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।
তিনি জানান, আমাদের কর্মকর্তারা শুধুমাত্র তাদের দেয়া কাগজের লিখিত তথ্যই (হলফনামা) পর্যালোচনা করবে না,বরং তাদের আরও কোনো সম্পত্তি আছে কিনা-তাও খতিয়ে দেখবেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে সব সরকারই কম বেশি দুর্নীতি করেছে। দুর্নীতির বিষয়ে আমি কোনো গোষ্ঠীকে দোষী করব না। তবে বিগত জোট সরকারের সময় দুর্নীতিতে আমাদের দেশ যেভাবে নিমজ্জিত ছিল,তা থেকে বর্তমানে আমরা বেরিয়ে এসেছি।
দুদক যেসব সংসদ সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে তারা হলেন-কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, সতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক,পটুয়াখালী-৪ আনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান,সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাড. আবদুল মান্নান খান এবং সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জব্বার।
[b]ঢাকা, ৫মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]