মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের অ্যাডভোকেট সামসুল হকসহ আটজনের বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

রোববার উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী তামিম।

এর আগে গত বছরের ২৬ অক্টোবর এই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

মামলার আট আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুল হক এবং এস এম ইউসুফ আলী কারাগারে আছেন। পলাতক রয়েছেন ছয়জন। এরা হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম।

গত বছরের ২৯ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত ২২ জুলাই পলাতক জামালপুরের ছয় রাজাকারকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৯ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে রয়েছে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের সুনির্দিষ্ট অভিযোগ।

এদিকে, গত বছরের ২৪ মার্চ রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আট রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এমআর