রাজধানীর মিরপুরের কল্যানপুরে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে স্বামীর শরীর ঝলসে দিয়েছে স্ত্রী। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ স্বামী রাজা মোল্লা (৩৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরের ২২ শতাংশ ঝলসে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রাজা মোল্লা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত। এ ঘটনার পর থেকে তার স্ত্রী সেলিনা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রাজা মোল্লার ভাই রাজিব মোল্লা জানান, গতকাল রাতে তার ভাইয়ের সঙ্গে ভাবি সেলিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অনেক ঝগড়াঝাটি হয় তাদের মাঝে।
পরে খবর পেয়ে স্বজনরা এসে তাদের থামায় এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করে। কিন্তু দুজনই আরো ক্ষুব্ধ হয়ে উঠে। পরে কোনো দিক না পেয়ে স্বামী স্ত্রী দুজনকে দুই রুমে আলাদা রাখা হয়। ভোর ৪টার দিকে সেলিনা বেগম পানি গরম করে ঘুমন্ত রাজা মোল্লার গায়ে ঢেলে দেয়।
এ সময় তার চিৎকারে স্বজনরা এসে রাজা মোল্লাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
চিকিৎসকরা জানিয়েছেন রাজা মোল্লার শরীরের ২২ শতাংশ ঝলসে গেছে।
এমআর





