গাজীপুরের টঙ্গীতে দুই ভুয়া ডিবি পুলিশকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। টঙ্গীতে ছিনতাইকালে তাদের আটক করে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মধুমিতা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, ডিবি লেখা কটি, হাতকড়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক স্টিকার লাগানো একটি মাইক্রোবাস জব্দ করে।
আটককৃতরা হলো ঢাকার মিরপুর এলাকার রাজা মিয়ার ছেলে রানা (৩০) এবং দক্ষিণ মনিপুর এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর (২৭)।
টঙ্গী থানার এসআই জহির জানান, দুপুর ২টার দিকে টঙ্গীর মধুমিতা রোড এলাকায় ৪ ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনতাই করে।
এ সময় ওই ব্যক্তি চিৎকার শুরু করলে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন। বাকি দুইজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ওই দুই ছিনতাইকারীকে আটক এবং তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, ডিবি লেখা কটি, হাতকড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক স্টিকার লাগানো একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতদের টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এমকে





