সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও ৩ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

আজ সোমবার সকাল ১০টার পর চিঠিটি গিয়েছে বলে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (প্রিজনস) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, চিঠিটি পৌঁছেছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফাঁসির কার্যকরের সময় ঠিক করা হবে।

কারা কর্তৃপক্ষ সূত্র বলছে, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)এর মাজারের ফটকে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলায় তিনিসহ ৭০ জন আহত হন এবং তিনজন নিহত হন।

ওই ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হওয়ার পর মুফতি হান্নানসহ তিন আসামি শেষ সুযোগ হিসেবে গত ২৭ মার্চ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কিন্তু তাঁর প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়েছে বলে গতকাল রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান।

এমবি