জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা তিনটি সময়ের আবেদন খারিজ করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে শুনানি শেষে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের অস্থায়ী আদালত আবেদনগুলো খারিজের আদেশ দেন।
একই সঙ্গে পরবর্তীতে খালেদা জিয়াকে আদালতে হাজির করার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগামী ১৭ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
এদিকে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু করেন খালেদার আইনজীবীরা।
এর আগে বেলা ১১টায় পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিচারক বাসুদেব রায়ের তৃতীয় বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আজমল হোসেন জানান, এ আদালতে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন না বিধায় আদালত পরিবর্তনের বিষয়ে একটি আবেদন উচ্চ আদালতে বিবেচনাধীন আছে। ওই আবেদনের রায় এখনো আমরা পাইনি।
জেএ





