হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারের বিরুদ্ধে আরো ২ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন এ পরোয়ানা জারি করেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান,মুফতি ইজাহারুল ইসলাম বিস্ফোরক,এসিড ও হত্যা মামলায় উচ্চ আদালত গত ২৮ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত থেকে জামিনে ছিলেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তার আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার জন্য তিনি আদালতে হাজির হতে পারেননি। আদালতে তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য সময় প্রার্থনা করা হয়। আদালত তা নামঞ্জুর করেন। তার বিরুদ্ধে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন ও হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ এসএম আব্দুর রশিদ বিস্ফোরক আইনের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন আহত হন। পরে আহত তিনজনের মৃত্যু হয়।
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ওই মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ। ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও অ্যাসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলাসহ তিনটি মামলা করেন।
[b]ঢাকা, ৩০মার্চ(টাইমনিউজবিডি.কম)//জেএ[/b]