গাড়ি ভাঙচুর, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানার দ্রুত বিচার আইনের মামলায় ১২৯ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার কারাগারে আটক মামলার অন্যতম আসামি শিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে আদালতে না আনায় ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. তারেক মাইনুল ইসলাম ভুঁইয়া চার্জ শুনানির তারিখ পিছিয়ে দেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, ম্যাজিস্ট্রেট চার্জ শুনানির তারিখ পিছিয়ে ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওইদিন ডা. ফখরুদ্দিন মানিককে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪ ও ৫ ধারায় পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। এ মামলায় আসামির সংখ্যা ১২৯ জন।
গত বছরের ১৩ ফেব্রুয়ারি প্রায় ৭শ’ জামায়াত-শিবির নেতাকর্মী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে রাজধানীর মতিঝিল বিক্ষোভ করে। এসময় শাপলা চত্বরের বিভিন্ন স্থান, দিলকুশা, দৈনিক বাংলা, ফকিরাপুল এলাকায় ভাঙচুর ও গাড়িতে আগুন দিয়ে দেয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঢাকার পল্টন থানায় এ মামলাটি দায়ের করেন। একই ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার ১৫৪ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন একই আদালত।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





