অর্থআত্মসাতের মামলায় বায়েজিদ স্টিল মিল লিমিটেডের মালিক আবু বক্কর চৌধুরীসহ দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বায়েজিদ স্টিলের মালিক আবু বক্কর চৌধুরী রূপালী ব্যাংকের বায়েজিদ বোস্তামি শাখা থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণ পরিশোধ না করে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক দেলোয়ার হোসেনসহ দু’জন যোগসাজশ করে ৭৬ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০০৩ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা বাদী হয়ে বায়েজিদ বোস্তামি থানায় আবু বক্কর চৌধুরী ও দেলোয়ার হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।গত মে মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ