বুধবার বেলা ১১ টায় পুরান ঢাকার লক্ষ্মীবাজার মহিলা কলেজের দু’টি ভবনের নিলাম হবার কথা ছিলো নগর ভবনে। পূর্ব ঘোষণা অনুযায়ী নিলামে অংশ নিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধাররা এ সময় উপস্থিত হতে থাকেন সেখানে।

প্রধান সম্পত্তি কর্মকর্তা জামাল হোসাইন এর রুমে হবার কথা ছিলো নিলাম কার্যক্রম। কিন্তু আগে থেকেই নিলামের কার্যক্রম নিজেদের দখলে নিতে সরকারি দলের ক্যাডার বাহিনী অবস্থান নেয় নগর ভবনে। তাদের মহড়ার কারণে অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রধান সম্পত্তি কর্মকর্তার রুমে প্রবেশ করতে পারেনি। পরে তাদের তৎপরতার মুখে নিলাম স্থগিত করা হয়।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে, বিষয়টি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খানকে অবহিত করা হয়েছে বলে জানান প্রধান সম্পত্তি কর্মকর্তা ।

যদিও আনছার আলী খানবেলা ২ টা ১৮ মিনিট পর্যন্ত নিলাম স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান নিলাম হওয়ার কথা ছিলো কিন্তু কি হয়েছে আমি জানি না।

তবে নিলাম স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতুল মন্ডলবলেন, পুরান ঢাকার দু’টি ভবন নিলাম হবার কথা ছিলো। কি এক ঝামেলার কারণে নিলামটি স্থগিত করা হয়েছে। ঈদের পর পরবর্তী নিলাম হবে।

উল্লেখ্য, নিলামের জন্য নির্ধারিত ভবন দু’টির সর্বসাকুল্যে মূল্য ধরা হয়েছিল প্রায় ৯ লাখ টাকা। ভবন দু’টিতে ১১ টি কক্ষ রয়েছে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ