রাজধানীর শ্যামলী এলাকা থেকে এক ভূয়া ডিবি পুলিশ ও ৬ নারীসহ মোট ১০জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

শনিবার দুপুরে শ্যামলীর নবাব রোডের ২১/১২ নম্বর বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে র‌্যাব-২ এর একটি বিশেষ অভিযাত্রিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী হাসান, অসামাজিক কার্যকলাপ পরিচালনার দালাল জীবন, সেন্টু ও বাচ্চু। যৌনকর্মী বিথি, রিয়া, জাহেদা, লাইলী, রানী ও লিজা।

র‌্যাবের দাবি হাসান ভূয়া ডিবি সদস্য। তবে সে নিজেকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোলেমান কবিরের গাড়ী চালক বলে পরিচয় দিয়েছে। তার কাছ থেকে একটি ভিজিটিং কার্ডও উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, ডিবি পরিচয় দিয়ে হাসান এখানে ‍অসামাজিক কার্যকলাপ পরিচালনা করতো।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর অপারেশন অফিসার এ এসপি মারুফ আহমেদ টাইমনিউজবিডিকে জানান, র‌্যাবের উপ-পরিদর্শক সাজ্জাদের নেতৃত্বে শনিবার বিকাল ৪টায় এ অভিযান শুরু হয়।

অভিযানে হাসান নামে একজনকে আটক করা হয়েছে তিনি ডিবি পুলিশের সদস্য বলে দাবি করেছেন। তিনি ডিবি পুলিশের গাড়ি চালক। তার দেওয়া তথ্য যাচাইবাছাই করা করা হবে বলে জানান তিনি।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, ওই বাসায় অভিযান চালিয়ে ৬ নারী ও ৪ পুরুষকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন নিজেকে ডিবি পুলিশের সদস্য বলে দাবি করেছেন। ওই বাসার অসামাজিক কার্যকলাপের সঙ্গে একজন ডিবি পুলিশের এসআই’র সংশ্লিষ্টতা রয়েছে তথ্য পাওয়া গেছে। আমরা এ বিষয়টি খতিয়ে দেখছি।

ঢাকা, জেইউ, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর