ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া অবশেষে মায়ের কোল খুঁজে পেল। প্রথমবারের মত শিশুটিকে কোলে নিয়ে দুধপান করান শিশুটির মা নাজমা বেগম।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে(এনআইসিইউ)মা নাজমা বেগমকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেন। প্রায় আধ ঘন্টা কোলে নিয়ে দুধপান শেষে শিশুটিকে আবার এনআইসিইউতে রেখে দেয়া হয়।

শিশুটির তত্ত্বাবধানে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলী জানান, শিশুটির অবস্থা আগের চেয়ে অনেক ভাল। আগামী শনিবারের মধ্যেই শিশুটিকে এনআইসিইউ থেকে বের করে আনা যাবে।

মেয়ে সুরাইয়াকে কাছে পেয়ে মা নাজমা বেগম বলেন, ‘আমার কলিজার টুকরাকে কাছে পেয়ে আমার কেমন লাগছিল বলতে পারবো না। মায়ের অনুভূতি আপনারা বুঝবেন না।’

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরার দোয়াপাড়ায় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ বাঁধলে অন্তঃসত্ত্বা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। পরে মাগুরায় অস্ত্রোপাচারের মাধ্যমে গুলিবিদ্ধ শিশুটিকে ভূমিষ্ঠ করা হয়।

এমএ