ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মমালায় তাজরীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন বৃহস্পতিবার আসামিপক্ষ মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অব্যাহতি শুনানির জন্য প্রস্তুত না থাকায় ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান নতুন এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত হন। আহত ও দগ্ধ হন দুই শতাধিক শ্রমিক।
পরদিন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় নাশকতার পাশাপাশি অবহেলাজনিত মৃত্যুর দণ্ডবিধির ৩০৪(ক) ধারা যুক্ত করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান ২০১২ সালের ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিজিএম) আদালতে তাজরীন ফ্যাশনের এমডি দোলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত বাকি আসামিরা হলেন- তাজরীন ফ্যাশনের এমডি মোহাম্মদ দেলোয়ার হোসেন, চেয়ারম্যান মাহমুদা আকতার, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম, আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, স্টোর ইনচার্জ আল-আমিন ও লোডার শামীম মিয়া।
এএইচ





