রাজধানীর বনানীতে তরুণী ধর্ষণ ঘটনায় বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী নতুন করে এদিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, ধর্ষণের শিকার তরুণী নিজে বাদী হয়ে গত বছরের ৫ জুলাই রাজধানীর বনানী থানায় এ মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, বাহাউদ্দিন ইভানের সঙ্গে ১১ মাস ধরে ফেসবুকে বন্ধুত্ব হয় ওই তরুণীর। ৪ জুলাই ইভান (আসামি) ফোন করে জানায়, তার জন্মদিনের কথা। এরপর রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান ওই তরুণী। রাত ১টার দিকে ইভানের ঘরে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।
পরদিন ৫ জুলাই বনানী থানায় বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করে মামলা করেন ওই তরুণী। ৬ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করে র্যাব।
পরদিন ৭ জুলাই ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ জুলাই ইভান ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে ইভান কারাগারে রয়েছেন।
জেড





