আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির সময় ডাকাতের গুলিতে ব্যাংকটির ম্যানেজারসহ ৮ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন ২৫ জন। ব্যাংক থেকে ফোন করে এ তথ্য জানানোর পরে পুলিশ ঘটনাস্থলে গেছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক ওলিউল্লাহ খান (৪০), নিরাপত্তা কর্মী ইব্রাহিম হোসেন (৩৭), ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গ্লোরিয়াস প্রিন্টার্সের মালিক সাহাবুদ্দিন পলাশ (৫২), ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী জমিরউদ্দিন (৩৫), পাশের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমান (৫৫), মুদি দোকানদার মনির হোসেন (৩০), ঝালমুড়ি বিক্রেতা নুরুজ্জামান। গণপিটুনীতে নিহত ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র ডাকাত দল অস্ত্র নিয়ে গুলি ছুড়তে ছুড়তে ব্যাংকের ভেতর প্রবেশ করে। এসময় ব্যাংকের নিরাপত্তাকর্মী তাদের বাধা দিলে তাকে গুলি করে হত্যা করে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এরপর ব্যাংকের ম্যানেজার ওয়ালি উল্লাহ ও ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করে।
এসময় তাদের গুলিতে ব্যাংকের গ্রাহক সাহাবুদ্দিন পলাশ নিহত হন। ডাকাতরা ব্যাংক লুট করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটকের চেষ্টা করেন এসময় ডাকাতের গুলিতে মনির হোসেন নামে অপর এক মুদি দোকানির মৃত্যু হয়।
তারপরও অস্ত্রে মুখে এলাকাবাসী তাদের ধাওয়া করে দুই ডাকাতকে ধরে ফেলে। ঘটনাস্থলে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়। অপর ডাকাত পুলিশ হেফাজতে রয়েছে। ডাকাত দলেও অপর কয়েক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমান জানান, তাদের হাসপাতালে পাঁচজনের লাশ রয়েছে।
এই ঘটনায় আহত আরো ২৫ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসএইচ





