হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ লাখ টাকার স্বর্ণসহ কবির মিয়া (৪২) নামে এক প্রবাসী শ্রমিককে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবারবিকেল পৌনে ৫টার দিকে বিমানবন্দর লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। আটক কবির মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইলে।

তিনি সৌদি আরবে শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন বলে পুলিশ জানায়।

এপিবিএন-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসী শ্রমিক কবির সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ নম্বর ফ্লাইটে বিকেল সাড়ে ৪টার দিকে দেশে ফেরেন।

বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এপিবিএন-এর এএসপি তানজিনা আকতার ও আবদুল্লাহ আল মামুন তাকে আটক করেন।

পরে তার লাগেজে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়।

বাংলাদেশি মুদ্রায় এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানান সিনিয়র এএসপি আলমগীর শিমুল।

এর আগে সকালে ৩৪৮গ্রাম র্স্বণসহ এক যাত্রীকে আটক করে এপিবিএন।

এসএইচ