আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি রাজধানীর খিলক্ষেত থেকে ছয় শিবির কর্মীকে আটক করেছে।
সোমবার রাত সাড়ে ৯টায় খিলক্ষেতের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে শিবিরের ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান, তিতুমীর কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান আসিফ, রুহুল আমীন খান, ইফতেখারুল ইসলাম শাকিল, নঈম ও মোশারফ হোসেন।
শিবিরের ঢাকা মহানগর উত্তরের সহকারী প্রচার সম্পাদক আক্তার হোসেন জানান, সোমবার সন্ধ্যার দিকে খিলক্ষেত বাজার থেকে এক শিবির কর্মীকে আটক করে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তারা শিবিরের আরও পাঁচ কর্মীকে আটক করে। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যায়নি।
তবে আটকের বিষয়টি অস্বীকার করে খিলক্ষেত থানার এসআই মুনির হোসেন বলেন, খিলক্ষেত থানার পক্ষ থেকে গতকাল এ ধরনের কোনো অভিযান চালানো হয়নি এবং কাউকে আটকের ঘটনাও ঘটেনি।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





