বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয়েছে।
মির্জা ফখরুলকে বহনকারী প্রিজনভ্যানটি বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৩ মিনিটে কাশিমপুর কারাগারে পৌঁছে। কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে মির্জা ফখরুলকে বহনকারী প্রিজনভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়।
৪ জানুয়ারি রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ফখরুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকালে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হয়।
আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ কার্যদিবসের মধ্যে জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদেরও আদেশ দেন আদালত।
কেএইচ





