রাজধানীতে দুই বিকাশ এজেন্টের কাছ থেকে ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় হাজারীবাগ এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-২। গ্রেফতারকৃতের নাম বিকি (৩০)।
রোববার বিকালে হাজারীবাগের বাদলপুর লেন থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২ এর সদস্যরা।
এর আগে গত ১৯ জুন রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে এক বিকাশ এজেন্টের কাছে থেকে ৩৩ লাখ টাকা ছিনতাই হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ আহমেদ। তিনি টাইমনিউজবিডিকে বলেন, ১৯ জুন ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় র্যাব অনুসন্ধান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিকালে বিকিকে আটক করা হয়। সে হাজারীবাগ এলাকার দুধর্ষ ছিনতাইকারী।
তিনি বলেন, গ্রেফতারকৃত বিকি ওই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সাথে আরও যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৯ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকায় বিকাশের দুই কর্মীকে কুপিয়ে তেত্রিশ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।
বাদলপুর লেন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা জনি (৩২) ও তানিম আহমেদকে (২৮) স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তারা সেদিন নবাবপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্র্যাক ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাওয়ার পথে হাজারীবাগের ১ নম্বর বাদলপুর লেনে ৫-৬ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করে টাকা নিয়ে পালিয়ে যায়।
ঢাকা, জেইউ, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





