কুমিল্লায় নিহত কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আগামী তিন কার্যদিবসের মধ্যে দেয়া হতে পারে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রাসাদ সাহা।
বুধবার বিকালে ডা. কামদা প্রাসাদ সাহা বলেন, সিআইডির কাছে লিখিতভাবে ডিএনএ প্রতিবেদন চেয়েছে ময়নাতদন্তকারী বোর্ড।
আজ (বুধবার) সন্ধ্যার মধ্যে ডিএনএ প্রতিবেদনের কপি পাওয়া গেলে বৃহস্পতিবার বোর্ডের সভা আহ্বান করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
গত ২০ মার্চ সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজ এলাকার একটি জঙ্গলে লাশ ফেলে দেয় ঘাতকরা। পরে ২১ মার্চ পুলিশ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত করে ৪ এপ্রিল প্রতিবেদন দাখিল করে।
প্রথম ময়নাতদন্তে হত্যার কোন আলামত উল্লেখ না করায় এ নিয়ে নানা সন্দেহ ও ক্ষোভ দেখা দেয়। পরে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে উত্তোলনের পর তার দেহের বিভিন্ন অংশের ডিএনএ সংগ্রহ করা হয়। পরে লাশের দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। এর পর প্রায় ৫০ দিন অতিবাহিত হলো কিন্তু রহস্যজনক কারণে এখনো দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দিচ্ছে না ময়নাতদন্তকারী বোর্ড।
বুধবার বিকেলে এ নিয়ে যুগান্তর প্রতিবেদকের সাথে কথা বলেছেন ময়নাতদন্তকারী বোর্ডের প্রধান ডা. কামদা প্রাসাদ সাহা।
দ্বিতীয় ময়নাতদন্তে কী আছে? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি বলেন, সিআইডির কাছ থেকে ডিএনএর কপি পেলে তা পর্যালোচনা করা হবে এবং তিন কার্যদিবসের মধ্যেই দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনটি তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করে।
ময়নাতদন্তের জন্য ডিএনএ রিপোর্ট চাইছেন কেন এমন প্রশ্নের উত্তরও এড়িয়ে যান ডা. কামদা প্রাসাদ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিআইডির পক্ষ থেকে ডিএনএ প্রতিবেদন ময়নাতদন্তকারী বোর্ডের হাতে এসে পৌঁছায়নি।
ওএফ





