৫০০ টাকা না দেওয়ায় রাজধানীর আদাবরে ছুরিকাঘাতে বাসির তালুকদার (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।  

আজ (রোববার) রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং প্রথম প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে। তাঁর লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ বলেন, নিহত বাসির তালুকদার আদাবরের আলমগীর নামের একজনের সঙ্গে মেসে একই কক্ষে থাকতেন। আলমগীরের বাবা ভাঙারির ব্যবসা করতেন। তাঁরা দু’জনই খুচরা জিনিসপত্র ভাঙারির দোকানে বিক্রি করতেন। কিছুদিন আগে বাসির আলমগীরের বাবার কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন।

আজ সকালে আলমগীর বাসিরের কাছে ৫০০ টাকা চান। টাকা দিতে না চাইলে আলমগীর ছুরি দিয়ে বাসিরকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয় বলে জানান ওসি।   

কাওসার আহমেদ আরও জানান, ঘটনার পরপরই আলমগীর পালিয়ে গেছে। তাঁকে খোঁজা হচ্ছে। আলমগীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।      

এমবি