সুজন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এসআই জাহিদকে বুধবার যেকোনো সময় আদালতে নেওয়া হবে।

৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হচ্ছে। ঠিক কখন আদালতে নেওয়া হবে তা স্পষ্ট করে বলেননি মামলার তদন্ত কর্মকর্তা। তবে গোয়েন্দা সূত্র বলছে, দুপুরের মধ্যে মুখ্য মহানগর হাকিমের আদালতে এসআই জাহিদকে নেওয়া হবে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবার রিমান্ড আবেদন করা হতে পারে।

বুধবার সকাল সাড়ে ১০টায় এ সব তথ্য জানান ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মাসুদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি জাহিদের পাশাপাশি রিমান্ডে থাকা সোর্স নাসিমও এ মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জাহিদ ও নাসিমকে আলাদা করে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে।

এ ছাড়া এক সঙ্গে করেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসআই জাহিদের মত সোর্স নাসিমও ওসি সালাউদ্দিনের জড়িত থাকার কথা বলেছে। নাসিমকেও বুধবার আদালতে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই ভোর রাতে মিরপুর থানায় পুলিশের নির্যাতনে ঝুট ব্যবসায়ী সুজন মারা যান। এ ঘটনায় পুলিশের একটি তদন্ত কমিটি হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর একই থানার এসআই রাকিবুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এসআই জাহিদসহ আটজনকে আসামি করা হয়।

দুজনকে ধরতে পারলেও বাকি ছয় আসামি পালিয়ে যায়। আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী লুসি বাদী হয়ে দায়রা জজ আদালতে আরো একটি মামলা দায়ের করেন। সেটি এখন বিচার বিভাগীয় তদন্তে রয়েছে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস