রাজধানীর দক্ষিণখানের আশকোনায় ‘জঙ্গি আস্তানা’য় অভিযানকালে আত্মসমর্পণকারী ২ নারীকে ফের ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরিজমের পরিদর্শক সাইদুর রহমান জেবুন নেছা শীলা ও তৃষা মণিকে তাদের এক ও দেড় বছর বয়সী দুই শিশু সন্তানসহ ৭ দিনের রিমান্ড শেষে হাজির করে আবারো ১০ দিনের রিমান্ড চায়। ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা শুনানি শেষে ২ নারীকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামি জেবুন নেছা শীলা অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী এবং পলাতক আসামী মাইনুল ইসলামের স্ত্রী তৃষ্ণা মনি। তারা ওই আসামীদেরকে জঙ্গী তৎপরতার কাজে সহযোগিতা করে আসছে।

উল্লেখ্য, শনিবার ওই এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় আত্মসমর্পণ করেন জেবুন নেছা শীলা ও তৃষা মণি। অভিযানে দুই উগ্রবাদী নিহত হয়।

আত্মসমর্পণ করা শীলা ও তৃষাকে পরে সন্ত্রাস বিরোধী আইনের মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার পুলিশের বিশেষ বাহিনী আশকোনা দক্ষিণখানে অভিযান চালায়। এতে ২ জন নিহত হয়।

এমই