রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার সময় আটক চীনা নাগরিক জি জুয়ান হুইয়ের (৩৮) বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকাল ১০টার পরে নিউমার্কেট থানায় র‌্যাব-২ এর উপসহকারী পরিচালক-ডিএডি মো. জামালউদ্দিন বাদি হয়ে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে মামলাটি দায়ের করেন।

র‌্যাব-২ এর উপঅধিনায়ক দিদারুল আলম জানান, এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে বুধবার নিউমার্কেট থানার ওসি তদন্ত মো. মাহবুবুর রহমান জানিয়েছিলেন, বেলা সাড়ে ১১ টার দিকে এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ৩/৪টি কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের চেষ্টা চালান জি জুয়ান হুই। এসময় র‌্যাব তাকে আটক করে।

ওএফ