জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের এক সভায় এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয় এবং অনুসন্ধানী প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া সংশ্লিষ্ট কর্মকর্তাকে।
অভিযোগ রয়েছে, ২০০৫ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গ্যালারির জন্য প্রদর্শনী বস্তু ও তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ প্রদানের জন্য ১৫ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়।
আর ওই প্রকল্পে ১২ কোটি টাকায় ১৮টি প্রদর্শনী বস্তু ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে আরো ২২ লাখ ৮৩ হাজার টাকা পরামর্শ ফি অন্তর্ভুক্ত করা হয়।
কিন্তু এ কাজটি সুন্দর ভাবে করার জন্য সরকারি ক্রয় নীতিমালা অনুসরণ করে (পাবলিক প্রকিউরমেন্ট রুলস-পিপিআর) একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানের নির্দেশ অনুযায়ী ২/৩বার প্রদর্শনী যন্ত্রগুলো সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করা হয়।
তবে দরপত্রে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দরপত্রের শর্তাবলী যথাযথভাবে পূরণ করতে ব্যর্থ হয়। যারফলে নির্ধারিত সময়ে প্রকল্পর বর্মবর্তারা মালামাল ক্রয় করতে পারেনি।
কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা নিজেদের অসৎ উদ্দেশ্যে পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ বৃদ্ধি না করে নিজেদের পছন্দের কারিগরী কমিটি বানায়। ওই কমিটির সদস্য সচিব করা হয় কর্মকর্তা আনিসুর রহমানকে।
সদস্য সচিব এমনভাবে কারিগরী নির্দেশ তৈরি করেন যাতে নিজেদের পছন্দের সুনির্দিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিতে না পারে।
অভিযোগে বলা হয়, দরপত্রে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও কারিগরী সাব-কমিটি তাদের পছন্দের প্রতিষ্ঠানকে লট-৩ এর কাজটি দেওয়ার জন্য সুপারিশ করে।
কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ৫ বার দরপত্র মূল্যায়ন কমিটি পরিবর্তন করা হয়। দরপত্রের শর্ত অনুসারে নির্দিষ্ট সময় পর মালামাল সরবরাহ করতে পারেনি।
আরো অভিযোগ রয়েছে, কমিটির সদস্য সচিব আনিছুর রহমান একজন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হওয়া সত্ত্বেও প্রথম শ্রেণীর সহকারী কিউরেটরের উপাধি ব্যবহার করে একাধারে দরপত্র মূল্যায়ন কমিটি, কারিগরী সাব কমিটি, কারিগরী বর্ণনা তৈরি কমিটি এবং রিসিভিং কমিটির সদস্য হিসেবে কাজ করে ব্যাপক দুর্নীতির সুযোগ পেয়েছেন।
অথচ বুয়েট থেকে এম এস করা একজন ইঞ্জিনিয়ারকে বাদ দিয়ে ওই দুর্নীতি করার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একে/এসএইচ





