রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মধুমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৮৩ পিস ইয়াবা এবং গাড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত ৯টায় রাজশাহী র‌্যাব-৫ এর সিপিএসসি ও সদর কোম্পানির অপারেশন দল এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মাদক ব্যবসায়ী মো. টুটুল শেখ রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা এলাকার মৃত শমসের আলীর ছেলে।

রাত সাড়ে ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, টুটুল শেখ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের মধুমাঠ এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর, সিপিএসসি এবং সদর কোম্পানির অপারেশন দল গাড়িটিকে ধাওয়া করে ১ হাজার ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেট কার, একটি মোবাইল সেট ও নগদ দুই হাজার ৪০০ টাকাসহ তাকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন টুটুল শেখ। তাকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই