পাবনায় রেজাউল করিম মৃধা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার চাটমোহর উপজেলার ভাদরা গ্রামের নিহত রেজাউল করিম মৃধার স্ত্রী খাদিজা খাতুন, সাঁথিয়া উপজেলার সেলনদহ গ্রামের লস্কার সরদারের ছেলে রুহুল আমিন ওরফে রবিউল ও আটঘরিয়া উপজেলার রোকনপুর গ্রামের আজিম মোল্লার ছেলে রেজাউল করিম।
জানা গেছে, খাদিজা খাতুন পরকিয়ায় আসক্ত ছিলেন। রেজাউল করিম তাতে বাধা দেয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ২৪ আগস্ট রাতে খাদিজা তার প্রেমিকের সহযোগিতায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেন।
ঘটনার পর দিন রেজাউল করিমের বড় ভাই ওমর আলী মৃধা বাদী হয়ে খাদিজাসহ তিনজনকে আসামি করে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





