মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামালপুরের মুহাম্মদ আশরাফ হোসাইনসহ আটজনের রায় আগামীকাল সোমবার।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রবিবার রায়ের দিন ধার্য করে।
একই মামলার আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন অ্যাডভোকেট শামসুল আলম ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলী। মুহাম্মদ আশরাফ হোসাইন ছাড়াও পলাতক অন্য আসামিরা হলেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ আবদুল বারী, মো. হারুন ও মোহাম্মদ আবুল হাসেম।
গত ১৯ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখে ট্রাইব্যুনাল।
গত ১৫ জুন রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও তাপস কান্তি বল।
১৬ ও ১৯ জুন আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন গ্রেপ্তারকৃত দু’জনের পক্ষে সৈয়দ মিজানুর রহমান, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও গাজী এম এইচ তামিম এবং পলাতক ছয়জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতনসহ ৫টি অভিযোগ আনা হয়।
এসএম





